পদ্মায় তীব্র স্রোত ও কয়েকটি ফেরি বিকল থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়। ১৫ দিন ধরে নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর মধ্যে পাঁচটি ফেরি বিকল হয়ে গেছে ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, বেশির ভাগ ফেরিই অনেক বছরের পুরনো। ইঞ্জিন দূর্বল হয়ে যাওয়ায় ফেরিগুলো স্রোতের বিপরীতে চলতে পারেনা। যে কারণে কয়েকটি ফেরি বসে আছে।

তিনি জানান, স্রোতের কারণে ফেরি পারাপারে অনেক সময় লাগছে। বর্তমানে শাপলা-শালুক, হাসনাহেনা, বনলতা, মাধবীলতা ও রজনীগন্ধা নামে পাঁচটি ইউটিলিটি (ছোট) ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যে কারণে ঘাট এলাকায় যাত্রীদের দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে।

এমএনজে