নাটোরের বড়াইগ্রামে ৭৬০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক পাচারকারীকে আটক ও একটি মিনি ট্রাক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার রাত ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর মতিহার এলাকার ছাত্তার মিয়ার ছেলে শামীম, আব্দুল মান্নানের ছেলে দাউদ ও চুয়াডাঙ্গার রতিকাগঞ্জ গ্রামের শহিদুল ইসলামের ছেলে নূরুল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর সার্কেলের উপ-পরিদর্শক শফিকুল জানান, রাজশাহী থেকে ঢাকাগামী মিনি ট্রাকটির বডির গোপন কুঠুরিতে বিশেষ কায়দায় ৭৩০ বোতল ফেনসিডিল রাখা ছিল। অভিযানকালে এসব ফেনসিডিল উদ্ধার এবং এগুলো বহনের দায়ে শামীম ও দাউদকে আটক করা হয়।
পরে, একই স্থানে ঢাকাগামী নৈশকোচ শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে আরও ৩০ বোতল ফেনসিডিলসহ নূরুল ইসলামকে আটক করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ফেনসিডিল ও মিনি ট্রাকসহ আটক ৩ জনকে রাতেই থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





