সিলেটের কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা ও নাতি নিহত হয়েছেন।
নিহতরা হলেন- চাউরা পূর্ব গ্রামের মাওলানা ফখর উদ্দিন (৭০) ও তার নাতি আরিফুল ইসলাম (৮)।
সোমবার (০৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পূর্ব গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
এই ঘটনায় বিক্ষুব্ধ লোকজন পল্লী বিদ্যুতের কানাইঘাট আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেন। খবর পেয়ে কানাইঘাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পল্লিবিদ্যুত সমিতি -২। মঙ্গলবার সরেজমিন পরিদর্শন করবে তদন্ত কমিটি।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেট পল্লী বিদ্যুত সমিতি-২ এর ডিজিএম মুহম্মদ শাহীন রেজা ফরাজী জানান, এই ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি কারিগরি তথ্য সংগ্রহ করছেন। প্রতিবেদন জমা দেবেন। তদন্তে কারো গাফিলতির প্রমান পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এমবি





