এখন থেকে সরকারি ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রিসভা কমিটি সর্বোচ্চ একশ কোটি টাকার প্রকল্প নিজেরাই অনুমোদন করতে পারবে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ সম্পর্কিত একটি প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি বলেন, ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি সর্বোচ্চ ৫০ কোটি টাকার প্রকল্প নিজেরাই পাস করতে পারতো। এরচেয়ে বড় প্রকল্প পাসের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রস্তাব পাঠাতে হতো। কিন্তু এখন তারা একশ কোটি টাকার প্রকল্প নিজেরাই অনুমোদন করতে পারবে।’
এছাড়া, সভায় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা-২০১৬, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের মাসিক সম্মানী ভাতা বাড়ানোর প্রস্তাব, জাতীয় লবণ নীতি-২০১৬, বাংলাদেশ শিপিং করপোরেশন আইন-২০১৬, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যকরী ফি সংশোধনের প্রস্তাব এবং বিশেষ মেধা ও যোগ্যতার অধিকারী গবেষক/বিজ্ঞানীদের অবসর গ্রহণের বয়সসীমা বাড়ানো সংক্রান্ত বিষয়ে অবস্থানপত্র উপস্থাপন প্রস্তাব অনুমোদন করা হয়।
এর মধ্যে শিপিং করপোরেশন আইন ইংরেজি থেকে বাংলায় করা হয়েছে এবং লবণ নীতি পাঁচ বছর পরপর নবায়ন করার লক্ষ্যে আবারও হুবহু অনুমোদন করা হয়েছে।
আর বিশেষ মেধার গবেষক/বিজ্ঞানীদের বয়স সীমা সবার জন্য ৬৫ করার প্রস্তাব করা হয়েছে।
গবেষক ও বিজ্ঞানীদের মধ্যে সাইন্সল্যাবের বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদে নিয়োজিত বিজ্ঞানীদের অবসর গ্রহণের বয়স ৬৫ বছর এবং অন্য জায়গার গবেষক/বিজ্ঞানীদের অবসরের বয়স ৫৯ বছর আছে। এটাকে সমন্বয় করে সব ক্ষেত্রে বয়স ৬৫ বছর করার প্রস্তাব করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের লেজিজলেটিভ বিভাগ এ প্রস্তাব করেছে। ২০১৩ সালের ২১ অক্টোবর প্রথমবার ও ২০১৫ সালের ১৯ অক্টোবর দ্বিতীয়বারের মতো এ আইনটি মন্ত্রীপরিষদ সভায় উত্থাপন করা হয়। সোমবার তৃতীয়বারের মতো উত্থাপন করা হলে তা অনুমোদন করা হয়।
জারিফ





