মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন।
এ ঘটনায় ওই নারীর সঙ্গে থাকা তিন বছরের এক শিশুআহত হয়েছে। শুক্রবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পাটুরিয়া ফেরিঘাটের জিরো পয়েন্টে হানিফ পরিবহনের একটি বাস ওই পাড়ের অপেক্ষায় ছিল। ফেরি আসলে বাসটি ধীরে ধীরে চলতে থাকে। এ সময় ওই নারী বাসে উঠতে গিয়ে পিছলে পড়ে চাকায় পিষ্ট হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নাজমুল আহসান জানান, ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলারও প্রস্তুতি চলছে।
কেএইচ





