সাভারের আশুলিয়ায় অজ্ঞাত (৩২) এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোর রাতে আশুলিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ি চালা এলাকায় পলমল গার্মেন্টসের পেছনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ভোর রাতে কোনো এক সময় অজ্ঞাত ওই যুবককে গলা কেটে হত্যা করে লাশ পলমল গার্মেন্টসের পেছনে ফেলে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা ওই যুবকের গলাকাটা লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
খবর পেয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অজ্ঞাত ওই যুবকের পরনে থ্রি কোয়াটার প্যান্ট ও কালো গেঞ্জি ছিল।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, কি কারণে অজ্ঞাত ওই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমই





