জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্তে এক কোটি ১৮ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার রাত সাড়ে ৮টার দিকে আটাপাড়া সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরের স্লুইচগেট এলাকা থেকে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির আটাপাড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রফিকুল ইসলাম রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, রাতে পাঁচ জনের একটি চোরাকারবারীর দল তিনটি বস্তায় যৌন উত্তেজক ট্যাবলেট ভরে আটাপাড়া সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবির একটি টহল দল তাদের দেখে ফেললে চোরাকারবারীরা স্লুইচ গেট এলাকায় বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।

আটাপাড়া ক্যাম্প কমান্ডার জানান, এ ঘটনায় চোরাকারবারীদের ধাওয়া করে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ ট্যাবলেটগুলো সোমবার (৩০ মার্চ) হিলি কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানান তিনি।

এমকে