'সরকারকে অগণতান্ত্রিক এবং উগ্রবাদী' মন্তব্য করে বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, সরকার আদিবাসীদের দাবিকে প্রত্যাখ্যান করে কানা ও বোবা হয়ে গিয়েছে।
শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে “আদিবাসী দিবস” উপলক্ষ্যে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে আদিবাসীদের অধিকার হরণ করা হয়েছে। পার্বত্য শান্তি চুক্তি যাদের হাত দিয়ে সম্পাদিত হয়েছিল সেই আওয়ামী লীগের কাছ থেকেই তাদের ওপর এই আঘাত এসেছে দাবি করে তিনি অবিলম্বে পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।
ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংয়ের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজিবিডি.কম, জেএ





