আসন্ন ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তর ও দক্ষিণের নির্বাচনে অংশ নিতে সোমবার পর্যন্ত মেয়র ও কাউন্সিল পদে মোট ৯৮০ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদের মধ্যে উত্তর সিটিতে ৩৪৪ জন এবং দক্ষিণে সিটিতে ৬৩৬ সম্ভাব্য প্রার্থী রয়েছেন।
উত্তরের রিটার্নিং কর্মকর্তা শাহ আলম জানিয়েছেন, পঞ্চম দিন সোমবার (২৩ মার্চ) পর্যন্ত মোট ৩৪৪ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে মেয়র পদে ১৩ জন, কাউন্সিলর পদে ২৬৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে রয়েছেন ৬২ জন সম্ভাব্য প্রার্থী।
দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ জানিয়েছেন, এ পর্যন্ত ৬৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫২৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য রয়েছেন ১০২ জন সম্ভাব্য প্রার্থী।
এদিকে দক্ষিণ সিটিতে সোমবার আরো ৭জন কাউন্সিলর প্রার্থীকে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে শোকজ করেছে ইসি। এ নিয়ে মোট ১৯ জন কাউন্সিলর প্রার্থীকে শোকজ করা হলো।
তবে উত্তরে কোনো প্রার্থীকে শোকজ দিতে হয়নি বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা শাহ আলম। তিনি বলেন, এখন পর্যন্ত উত্তর সিটিতে কাউকে আচরণ বিধি ভঙ্গ করতে দেখা যায়নি। তবে এমন কাউকে পেলে শোকজ নয়, তাকে প্রার্থী হিসেবে অযোগ্য করা হবে।
আগামী ২৮ এপ্রিল ডিসিসি নির্বাচনের ভোটগ্রহণ করবে ইসি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ মার্চ।
জেডআই





