বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডাদেশপ্রাপ্ত অধ্যাপক গোলাম আযমের ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। যা তার শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে গেছে। ছড়িয়ে পড়া ইনফেকশন সারানোর ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন চিকিৎসকরা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হৃদরোগ বিভাগের চিকিৎসক ড. আতিকুর রহমান জানান, মঙ্গলবার সকালে গোলাম আযমকে এখানে ভর্তি করা হয়। তার শরীরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর এ ইনফেকশনের বিষয়টি ধরা পড়ে।

হাসপাতাল পরিচালক ব্রিডেডিয়ার জেনারেল (অব.) আবদুল মজিদ ভূঁইয়া জানান, ২০১২ সালের ১১ জানুয়ারি প্রথমে গোলাম আযম প্রিজন সেলে ভর্তি হন। তখন তার শারীরিক অবস্থা খারাপ ছিল না। হঠাৎ করে মঙ্গলবার ৭টায় তিনি বুকে ব্যাথা অনুভব করেন। পরে সকাল ১০টার দিকে তাকে ডি ব্লকের দ্বিতীয় তালায় হৃদরোগ ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তিনি প্রফেসর এবিএম আবদুল্লাহর তত্ত্বাবধানে রয়েছেন।

গোলাম আযম বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, গোলাম আযমের বিরুদ্ধে করা মানবতাবিরোধী মামলাটি বর্তমানে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।

গত বছরের ১০ আগস্ট গোলাম আযমের দণ্ডাদেশ থেকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষ আপিল করে। মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গত বছরের ১৫ জুলাই এ রায় ঘোষণা করেন।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এএইচ