দিনাজপুরে যক্ষ্মায় মৃতের সংখ্যা বাড়ছে। গত এক বছরের ব্যবধানে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণ।
দিনাজপুরে অনুষ্ঠিত “যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম: অগ্রগতি ও চ্যালেঞ্জ” শীর্ষক গোল টেবিল বৈঠকে এ তথ্য দেয়া হয়।
দিনাজপুর সিভিল সার্জনের সম্মেলন কেন্দ্রে বুধবার বিকালে অনুষ্ঠিত এ বৈঠকে রিসোর্স পাসনরা জানান, দিনাজপুরের ১৩টি উপজেলায় ২০১২ সালে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা গেছে এক’শ ৫৭ জন। আর ২০১৩ সালে এই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, দুই’শ ২৯ জনে।
দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. মোশায়ের-উল-ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, দিনাজপুর স্বাস্থ্য বিভাগ এবং ব্র্যাক আয়োজিত এ গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখেন, দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আমীর আলী, বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডা. মাসতুরা বেগম, ব্র্যাক-দিনাজপুরের আঞ্চলিক ব্যবস্থাপক চিত্ত রঞ্জন হাওলাদার, বিএমএর জেলা সাধারণ সম্পাদক ডা. গোপি নাথ বসাক।
বৈঠকে আরও জানানো হয়, দিনাজপুর জেলায় যক্ষ্মায় আক্রান্ত চলমান রোগীর সংখ্যা এক হাজার ৮’শ ১১ জন। চলমান এমডিআর রোগী ২জন।
বৈঠকে চিকিৎসক, সাংবাদিক সংগঠক ও জনপ্রতিনিধিরা অংশ নেয়।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





