খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় দেশীয় তৈরী একটি এলজি (ওয়ান গান শুটার) ও তিনটি তাজা কার্তূজসহ মিলন চাকমা (২৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। আটক মিলন চাকমা জেলার পানছড়ি উপজেলার চিকন চান কার্বারী পাড়া গ্রামের কালাচান চাকমার ছেলে।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ৫নং উল্টাছড়ি ইউপির মরাটিলা নতুন পাড়া এলাকার বিশ্ব মোহন ত্রিপুরার উঠানে অস্ত্রসহ অবস্থানের খবর পেয়ে সেনাবাহিনীর পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মেহেদি হাসান রাসেলের নেতৃত্বে সেনা ও পুলিশের যৌথবাহিনীর একটি বিশেষ দল অস্ত্রসহ সন্ত্রাসী মিলন চাকমা- কে আটক করে।
এসময় তার কাছ থেকে একটি এলজি (ওয়ান গান শুটার) ও তিনটি তাজা কার্তূজ উদ্ধার করে। আটক সন্ত্রাসীকে অস্ত্রসহ পানছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন আটক সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার তদন্ত প্রক্রিয়াধীন।
ইআর





