রাজধানীর নিউ এয়ারপোর্ট রোডস্থ আর্মি অফিসার্স মেস বিল্ডিংয়ের সামনে থেকে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেফতার করেছে ক্যান্টনমেন্ট থানার পুলিশ। আটককৃতরা হলেন, মো. জাকির হোসেন (২৬) ও মো. আনোয়ার হোসেন (৪০)।
রোববার রাত সাড়ে ৮টার দিকে ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) বেনজির আহম্মেদ সংগীয় ফোর্সসহ নৈশকালীন ডিউটি করার সময় তাদের আটক করেন।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) বেনজির আহম্মেদ জানান, তাদের কাছ থেকে একটি সিএনজি (ঢাকা মেট্রো-থ-১৩-২২৭৬) এবং সিএনজি চালক মো. আব্দুল মালেককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।
বেনজির আহম্মেদ আরও জানান,আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, কুড়িল বিশ্বরোডে চায়ের দোকানে সিএনজি চালক চা খেতে গেলে ওই দুই ব্যক্তি সেখানে উপস্থিত থেকে কৌশলে চালককে চায়ের মধ্যে নেশা জাতীয় দ্রব্য সেবন করায়।
আসামীরা সিএনজি চালকের সাথে ভাড়া ঠিক করে সিএনজিতে উঠে। একটু পর সিএনজি চালক অজ্ঞান হয়ে পড়লে অজ্ঞানপার্টির একজন সদস্য চালককে একহাত দিয়ে ধরে এবং অন্য হাত দিয়ে সিএনজি চালায়।
সিএনজি চালক আব্দুল মালেককে পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেজানান উপ-পরিদর্শক বেনজির।
ঢাকা, জেইউ, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম)// এআর





