গাইবান্ধায় মুক্তিপণের দাবিতে মামুনুর রশিদ (৩২) নামে এক রড-সিমেন্টের ব্যবসায়ীকে দুবৃর্ত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহ্নত মামুনুর রশিদ জেলার গোবিন্দগঞ্জ উপজেলা মহিমাগঞ্জ ইউনিয়ন শ্রীপতিপুর গ্রামের আলহাজ্ব মোজাফফর রহমানের ছেলে।
মোজাফফর রহমান জানান, মামুনুর রশিদ স্থানীয় মহিমাগঞ্জ বাজারে নির্মাণ সামগ্রীর ব্যবসা করে। সে গত সোমবার বিকাল ৫টার দিকে ঔষধ কেনার জন্য গোবিন্দগঞ্জ পৌর এলাকায় আসে। এর পর মামুনুর রশিদ আর বাড়িতে ফেরেনি।
তিনি আরও জানান, সোমবার রাত ১১ টার দিকে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে তার নিকট মুক্তিপণ হিসেবে ৭ লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় তিনি মঙ্গলবার বিকালে গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরীর করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপপরিদর্শক (এসআই) হাসানকে নির্দেশ দেওয়া হয়েছে।
রুবেল/নাজিব





