রাজধানীর দুটি পৃথক স্থানে পেট্রোলবোমা ও ককটেলে আহত ৫জন। মগবাজারের মধুবাগে পেট্রোলবোমায় দুই পথচারী দগ্ধ হয়েছেন। এ দিকে আজিমপুরে ককটেল বিস্ফোরণে ইডেন মহিলা কলেজের তিন ছাত্রী আহত হন। শনিবার রাতে পৃথক এ ঘটনা দুটি ঘটে।

দগ্ধরা হলেন- মোহাম্মদ আলী (২৩) ও শ্যালক মো. পলাশ (৯)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মোহাম্মদ আলী জানান, মধুবাগের হাতিরঝিল পুলিশ ফাঁড়ির দক্ষিণ পাশের রাস্তা দিয়ে রাত সাড়ে ১০টার দিকে হেটে বাসায় যাচ্ছিলেন। এ সময় তাদের সামনে হঠাৎ একটি পট্রোলবোমা বিস্ফোরিত হয়ে তারা দগ্ধ হন।

রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান খান জানান, ভবনের উপর থেকেই পেট্রোলবোমাটি নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানান, পেট্রোলবোমায় মোহাম্মদ আলীর শরীরের ২০ শতাংশ ও মো. পলাশের তিন শতাংশ পুড়ে গেছে।

এ দিকে আজিমপুর মোড়ে রাত পৌনে ৯টার দিকে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে ইডেন মহিলা কলেজের তিন ছাত্রী আহত হন।

তারা হলেন- সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ঐশি (২৩) ও লিমা (২৪) এবং দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী এনি (২৩)। তারা ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন।

ঐশি জানান, আজিমপুর কলোনিতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে হলে ফেরার পথে তাদের সামনে দুটি ককটলে বিস্ফোরিত হয়। এতে তারা তিন বান্ধবী আহত হন।

এএইচ