যশোরে ‘বন্দুকযুদ্ধে’ আক্তারজ্জামান ডিকু নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার দিবাগত রাত ২টার দিকে শহরের ধর্মতলা রেলক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে। ডিকু শহরের খড়কী এলাকার ওলিয়ার রহমানের ছেলে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, রোববার বিকেলে ডিকুকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অস্ত্রের সন্ধান দেন। রাত ২টার দিকে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য ধর্মতলা রেলক্রসিংয়ের পূর্ব দিকে একটি ব্রিজের কাছে যায়।
সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডিকুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ডিকু আহত হন।
তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার হয়েছে। তার বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে।
এমআইএস





