এবারও দেশবাসী সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবেন বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর।

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে জাতীয় পার্টির সংরক্ষিত সংসদ সদস্য বেগম মাহজাবীন মোরশেদের এ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যা যা করণীয় তা করছে। আমাদের আইজির নেতৃত্বে একটি সভা হয়েছে। ঈদে যে সব সমস্যা হয় তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশবাসীর নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। ঈদে ঘরে ফেরা মানুষকে স্বস্তি দিতে হাইওয়ে পুলিশ, মহানগর পুলিশ কাজ করছে। মহ‍াসড়কে যেন যাত্রীদের ভোগান্তিতে পড়তে না হয় সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। এছাড়া ছিনতাই, মলম পার্টি নিয়ন্ত্রণে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

হাজী সেলিমের অপর এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, যানজট নিরসনে ঢাকায় ব্যাপক উন্নয়ন হচ্ছে। উন্নয়নের সঙ্গে যানবাহনও বাড়ছে। তবে যানজট নিয়ন্ত্রণে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমাদের ফ্লাইওভার নির্মাণ হচ্ছে। তাছাড়া গাড়ি নিয়ন্ত্রণেরও নানাবিধ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএইচ