রোববার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা বাস মালিক-শ্রমিক সমিতি। শনিবার বিকালে বাস মালিক-শ্রমিক সমিতির জেলা সভাপতি সেলিম আহমদ সলিক ধর্মঘটের ঘোষণা দেন।
জানা গেছে, ৭ দফা দাবিতে শনিবার সিলেটে ধর্মঘটের ডাক দেয় জেলার সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকরা শ্রমিকরা। ধর্মঘট চলাকালে শনিবার দুপুর ১টার দিকে নগরীর কদমতলি বাস টার্মিনালসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে বাস ভাঙচুর করা হয়।
এ সময় বাস শ্রমিকরা তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে বাস শ্রমিকরা নগরীর বিভিন্ন স্থানে কয়েকটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেন। এসব ঘটনায় উভয় পক্ষ নগরীর বিভিন্ন স্থানে অন্তত ৫০টি বাস ও অটোরিকশায় ভাঙচুর করে এবং আগুন দেয়।
এসময় সংঘর্ষ থামাতে পুলিশ বিভিন্ন স্থানে টিয়ারশেল নিক্ষেপ করে। এছাড়া দক্ষিণ সুরমায় উপজেলায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ সাংবাদিকদের জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেএ





