গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে আহত শিশু শাহাদৎ হোসেন সৌরভ এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। রবিবার সে প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছে।
জানা যায়, জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পিইসি পরীক্ষা কেন্দ্রে ৪ নং কক্ষে প্রথম দিনে ইংরেজি পরীক্ষায় অংশ নেয় সৌভর। তার রোল নং-২৭২৬।
সৌরভ টাইমনিউজকে জানায়, পরীক্ষার প্রস্তুতি ভালোই হয়েছে এবং পরীক্ষা ভালো দিচ্ছি। এভাবেই পরীক্ষা শেষ করতে পারলে খুব ভালো ফলাফল করবে বলে সে আশাবাদী। ভবিষ্যতে সে পড়ালেখা করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায়।
সৌরভ বলেন, আগের মতো পায়ে শক্তি পাচ্ছে না সে। দৌড়-ঝাঁপ ও খেলাধূলাও করতে পাচ্ছে না। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটা-চলা করলে দুই পা অবশ হয়ে যায়, ব্যথায় টনটন করে।
২০১৫ সালের ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কে কালাইয়ের ব্রিজ নামক স্থানে পাঁয়চারী করার সময় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন গাড়ি থামিয়ে তার পায়ে গুলি করেন।
আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলে ২৪ দিন চিকিৎসার পর সুস্থ হয়ে সে বাড়ি ফেরে। এ ঘটনায় সৌরভের পিতা সাজু মিয়া বাদী হয়ে এমপি লিটনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে জানা গেছে।
রুবেল/নাজিব





