রাজধানীর এলিফ্যান্ট রোড ও উত্তরায় পৃথক ঘটনায় দু’জন নিহত হয়েছেন। বৈদ্যুতিক শক ও গলায় ফাঁস দিয়ে তাদের মৃত্যু হয়।
শুক্রবার বিকেলে এলিফ্যান্ট রোডের ১৮৪ নম্বর টিনশেডের একটি বাড়িতে রাবেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা বৈদ্যুতিক শকে আক্রান্ত হন। তার স্বামীর নাম সরদার আলী। তার ছেলে ইনামুল হক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে, বিকেল পৌনে ৫টায় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, সকাল ১১টায় উত্তরা সেক্টর-১০ এর রানাভোলা বেড়িবাঁধের পূর্ব পাশের বস্তি থেকে হারুন মিয়া (১৯) নামে এক তরুণের লাশ উদ্ধার করে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক (এসআই) হজরত আলি জানান, ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হারুনের লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের জন্য লাশ ঢামেকে পাঠানো হয়েছে।
এমআর





