জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে খুন করার অভিযোগ পাওয়া গেছে। ভোলা সদর উপজেলার গুপ্তমুন্সি গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত বাবুল (২৩) ওই গ্রামের আলী আহম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের বাবুলের সঙ্গে ভাই সিরাজের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। দুপুরে একইভাবে তাদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে সিরাজের ছেলে হাসান ক্ষিপ্ত হয়ে তার চাচা বাবুলকে মারধর করেন। এক পর্যায়ে হাসান গলাচেপে ধরলে বাবুল মারা যান।
ভোলা সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোবাশ্বের আলী জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের স্ত্রী সুমা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
কেএইচ





