নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণ হওয়ায় সরকার পরিবর্তনে মানুষের আগ্রহ কম, তার ফল হিসেবে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতিও কম।
আজ (২৩ এপ্রিল) মঙ্গলবার রাজশাহী কলেজ মিলনায়তনে রাজশাহী অঞ্চলের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধনকালে ইসি সচিব এইসব কথা বলেন।
উপজেলা নির্বাচনে ভোটের হার কম হওয়া নিয়ে সমালোচনার মধ্যে এর আগে ইসি সচিব বলেছিলেন, ভোটার বাড়লে অনিয়ম বাড়ত।
হেলালুদ্দীন আহমদ বলেন, “পৃথিবীজুড়ে মানুষের ভোট দেওয়ার প্রবণতা ক্রমেই কমে আসছে। এর অন্যতম কারণ হলো- কোনো সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা থাকে, সেটি যদি পূরণ হয়, তখন স্বাভাবিকভাবে মানুষের ভোট দেওয়ার আগ্রহ কমে যায়।”
“প্রত্যাশা বেশি থাকলে সরকার পরিবর্তনে মানুষের ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ বাড়ে।” বলেন ইসি সচিব।
ইসি সচিব একথা বললেও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন, বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের নির্বাচন বর্জনের কারণে মানুষের আগ্রহ কমে গেছে।
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন
দেশজুড়ে ৬৪ জেলার ১৩৫ উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু হয় হয়েছে। ১৩ মে পর্যন্ত সব উপজেলায় এই কাজ চলবে।
আজ (মঙ্গলবার) প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ফরিদপুর অঞ্চলে, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম চট্টগ্রাম অঞ্চলে, নির্বাচন কমিশনার কবিতা খানম সিলেট অঞ্চলে, নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী ঢাকা অঞ্চলে ও ইসি সচিব রাজশাহী অঞ্চলের হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করেন।
এছাড়া, রংপুর অঞ্চলে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, কুমিল্লা অঞ্চলে এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম, খুলনা অঞ্চলে ইসির যুগ্মসচিব কামালউদ্দিন বিশ্বাস, বরিশাল অঞ্চলে আবুল কাসেম ও ময়মনসিংহ অঞ্চলে ফরহাদ আহাম্মদ খান কর্মসূচির উদ্বোধন করেছেন।
এমবি





