কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দকযুদ্ধে’ মুফাজ্জেল হোসেন ওরফে মুফা (৪২) ও মহাবুল (৪০) নামে দুই যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

নিহত মুফাজ্জেল হোসেন ওরফে মুফা গড়ুড়া গ্রামের মছের উদ্দিনের ছেলে এবং মহাবুল কৈপাল গ্রামের আবদুল রহিমের ছেলে।

মঙ্গলবার রাত পৌনে ৪টার দিকে উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের কাটাদহ মাঠে এ ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের কাটাদহ মাঠের মধ্যে দুদল ডাকাত অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের মধ্যে গোলগুলিতে লিপ্ত হয়েছে এমন গোপন খবর আসে। এর ভিত্তিতে পুলিশের টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় নিজেদের রক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরে খোঁজখবর নিয়ে পুলিশ নিহত ডাকাতদের পরিচয় জানান।

এ ঘটনায় দৌলতপুর থানার এসআই আসাদুল ও কনস্টেবল জিয়া আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি এলজি গান, চার রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করেছে।

‘বন্দুকযুদ্ধে’ নিহত ডাকাতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

নিহতদের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এমআর