নারায়ণগঞ্জে গোয়েন্দা পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে।

সোমবার রাত আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ট্যাক্সি স্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

নিহত বিপ্লব পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী দাবি করে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র জানান, বিপ্লবের বিরুদ্ধে শুধু ফতুল্লা থানায় ১৪টি মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকটি গুলিসহ একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, সোমবার রাত তিনটায় বিপ্লবকে গ্রেপ্তারে চাঁদমারি লিংক রোডের ট্যাক্সি স্ট্যান্ডে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে কয়েকজন দুবৃর্ত্ত গুলি ছুড়তে শুরু করে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। কয়েক মিনিট পর দুবৃর্ত্তরা পালিয়ে গেলে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, এ বছরের গত ছয় মাসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২০৪ জন নিহত হয়েছেন বলে মানবাধিকার সংস্থা-আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, বন্দুকযুদ্ধে নিহতদের মধ্যে র‌্যাবের সঙ্গে ৫৯ জন, পুলিশের সঙ্গে ৯২ জন, ডিবির সঙ্গে ১২ জন, যৌথবাহিনীর সঙ্গে একজন, কোস্টগার্ডের সঙ্গে একজন ও বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ২৮ জন নিহত হন। এছাড়া পুলিশের নির্যাতনে দু’জন ও গুলিতে দু’জন, বিজিবির গুলিতে তিনজন, পুলিশি হেফাজতে আত্মহত্যা করেছেন একজন এবং দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ও র‌্যাব হেফাজতে অসুস্থ হয়ে একজনের মৃত্যু হয়েছে।

জেড