নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করে পুলিশ।
শুক্রবার (২৪ জুন) দিবাগত রাত ২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার সরাবাড়িয়া গ্রামের ইস্রাফিল হোসেনের ছেলে ইসকেন্দার আলী (২৬), আব্দুর রহিমের ছেলে নাজমুল হক(২৪), সহিদুল ইসলামের ছেলে শাকিল হোসেন(২৩), জোনাইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু হোসেন (২২) ও পাবনার চাটমোহর থানার চড়ইকোল গ্রামের মজনু মোল্লার ছেলে হামিদুর রহমান (২৪)।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মধ্যরাতে সন্দেহভাজন হিসেবে ওই ৫ জনকে আটক করে টহল পুলিশ। এ সময় তাদের বহনকারী ভ্যানে তল্লাশি করে ১টি রামদা, ১টি বড় হাঁসুয়া ও ১টি ছুরি পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় ডাকাতি ও অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
এমআর





