আশুলিয়া থেকে দুই ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ জুন) দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার পুলিশ চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, বাড়ইপাড়া এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশির উদ্দেশ্যে মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে থামানো হয়। এসময় মিনহাজুল নামে একজন পুলিশের এএসআই ও শান্ত আহমেদ নামে অপরজন কনস্টেবল পরিচয় দেন।
তাদের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, তারা দুইজন পুলিশ ভুয়া পরিচয়ধারী। তাদের কাছ থেকে হ্যান্ডকাপও উদ্ধার করা হয়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি।
আটক মিনহাজুল সাভার মডেল থানার মাইনুদ্দিন নামে এক পুলিশ কনস্টেবলের ছেলে বলে প্রাথমিকভাবে জানা যায়। শান্ত আহমেদ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ধল্লা গ্রামের নাছিম আহমেদের ছেলে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।
ওএফ





