মিছিল শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মামুন হোসেন (২০) ও বাবু (১৮) নামে দুই ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক জন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন হোসেন সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের দোতরা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। নিহত বাবু একই উপজেলার দরগ্রাম এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে নবগঠিত জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল শেষে ওই তিনজন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিললেন। মোটরসাইকেলটি গোলড়া এলাকায় আকিজ ট্যোবাকোর সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মামুন ও বাবু নিহত মারা যান। আহত অপরজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। এরা সবাই ছাত্রলীগের কর্মী।

এদিকে, দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। প্রায় ৩০ মিনিট বন্ধ থাকার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেএ/জেআই