হরতাল অবরোধে নাশকতা ও গাড়ি পোড়ানোর মামলায় জড়িত থাকার অভিযোগে ঢাকার সাভার উপজেলা পরিষদের বিএনপি পন্থি চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলে জানা গেছে।

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের পরে নানা ঘটনায় গাড়িতে আগুন দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যাসহ বিভিন্ন ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় কয়েকটি মামলা হয়। মামলায় আসামি করা হয় সাভার উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক কফিল উদ্দিন (উপজেলা পরিষদ চেয়ারম্যান), আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব (ভাইস চেয়ারম্যান) ও থানা মহিলা দলের সাধারণ সম্পাদক মিনি আক্তার উর্মিকে (মহিলা ভাইস চেয়ারম্যান)।

মামলা হওয়ার পরে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার ভয়ে চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান আত্মগোপনে চলে গেলে অচল হয়ে পড়ে সাভার উপজেলা পরিষদের কার্যক্রম। এ পরিস্থিতিতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও  মহিলা ভাইস চেয়ারম্যানকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

একই সঙ্গে উপজেলা পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতা ও আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান দেওয়ান পারভেজ আহমেদকে।  

জেআই