মাগুরা শহরের দরি মাগুরা দোয়ারপাড় এলাকায় যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষের গুলিবিদ্ধ আব্দুল মমিন (৬৫) মারা গেছেন।
শুক্রবার (২৪ জুলাই) রাতে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. শফিউর রহমান বলেন, শুক্রবার বিকালে আহত মমিনের শারীরিক অবস্থার অবনতি হলে তার শরীরে অস্ত্রপচার করা হয়। পরে রাত ২টার দিকে তিনি মারা যান।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগ কর্মী আজিবর ও মুহম্মদ আলীর গ্রুপের সঙ্গে অপর যুবলীগ কর্মী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ভূঁইয়ার গ্রুপের সংঘর্ষ হয়।
এসময় প্রতিপক্ষ কামরুল ভূঁইয়ার বাড়িতে ঢুকে গুলি ও বোমা হামলা করলে কামরুলের বড় ভাই বাচ্চু ভূঁইয়ার স্ত্রী নাজমা বেগম, চাচা আব্দুল মোমিন গুলিবিদ্ধ ও বোমায় আহত হন।
তাদের আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাতে আব্দুল মোমিন মারা যান। অন্যদের চিকিৎসা চলছে।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
আর ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এমকে





