পুলিশ কমিশনারের সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করার ক্ষমতা সংক্রান্ত বিধান কেন অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (৩০ অক্টোবর) সকালে বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছেন।
গত ২৭ অক্টোবর আদেশের জন্য এদিন ধার্য করেন বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ।
এর আগে, মিছিল-সমাবেশ নিষিদ্ধ করায় পুলিশ কমিশনারের ক্ষমতা সংক্রান্ত পুলিশ আইনের ২৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মোমেন চৌধুরী।
রিটে পুলিশ আইনের ২৯ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার বিষয়ে নির্দেশনা চাওয়া হয়। এতে স্বরাষ্ট্র সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
এবিএস





