বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১১ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারের তিন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ট্রলার মালিকসহ ৮ জেলে নিখোঁজ রয়েছেন।

যাদের বাড়ি ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সেই ট্রলার থেকে বেঁচে ফেরা সিরাজ মাঝি বলেন, “রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাছ শিকারের উদ্দেশে বঙ্গোপসাগরে যাই। মাছ ধরার জাল অর্ধেক তোলার পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় সবাই ট্রলারের ভেতরে কেবিনে অবস্থান করছিলেন।”

তিনি আরও বলেন, “এক পর্যায়ে সেখান থেকে ৩ জন জীবিত বের হন। তারা ট্রলারে থাকে জীবনরক্ষাকারী সরঞ্জামের সাহায্যে ভাসতে থাকেন। সাগরের এক প্রান্তে পৌঁছালে অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধার করে চরফ্যাশনের সামরাজ ঘাটে নামিয়ে দেয়। বাকি ৮ জেলে কোথায় কীভাবে আছে জানা যায়নি।”

নিখোঁজ ৮ জেলে হলেন- নিরব, রুবেল, সিরাজ, ইউসুফ, শহীদ ঝিলাদার, রফিকুল ইসলাম, বজলুর রহমান, দেলোয়ার চৌকিদার। তাদের সবার বাড়ি ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে।

ভেলুমিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম মাস্টার জানান, ১১ জেলে সাগরে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়েছেন। সেখান থেকে তিন জেলে জীবিত ফেরত আসেন। এখনও ৮ জন নিখোঁজ।

ভোলার জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, “আমরা বিষয়টি জানতে পেরেছি। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্ট গার্ডকে জানানো হয়েছে। তারা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। ঝড়ের কবলে পড়া নিখোঁজ ও জীবিত ফিরে আশা জেলে পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।”

এমবি