পাবনা পৌর এলাকার রাধানগর মহল্লায় শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে ৪৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

আটকরা হলেন- পৌর সদরের শালগাড়িয়া গাংকোলা মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে রুবেল হোসেন (২৫) ও গোবিন্দা রবিনগর মহল্লার সাগর হোসেনের ছেলে সেলিম হোসেন (৩২)।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর আজমল হোসেন জানান, ইয়াবাসহ কয়েকজন মাদক ব্যবসায়ী রাধানগর মহল্লায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর সময় দু’জনকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

র‌্যাব কমান্ডার আরও জানান, আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধার করা ইয়াবাসহ মামলা করে আটকদের সদর থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জেআ