ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও লালমনিরহাটের কালীগঞ্জের ছেলে জাকারিয়া বিন শুভ হত্যাকান্ডের বিচারের দাবীতে উত্তাল হয়ে উঠছে লালমনিরহাট।

হত্যাকান্ডের ১২ দিন অতিবাহিত হলেও এখন পযর্ন্ত আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার স্বজনরা।

রোববার (০৪ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জে সাংবাদিক সম্মেলনে আসামীদের গ্রেফতার ও বিচারের দাবী করেন শুভ’র মা ও বোন।

গত ২৪ সেপ্টেম্বর ঢাকা মোহাম্মদপুরে নিজ বাসায় হত্যাকান্ডের শিকার হয় লালমনিরহাটের সন্তান জাকারিয়া বিন শুভ এমন দাবী তার মা ও ভাই বোনদের পরিবারের।

শুভ’র মৃত্যুকে হত্যাকান্ড দাবী করে ঘটনার দিন থেকে লালমনিরহাটে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে আসছে স্থানীয়রা।

জাকারিয়া বিন শুভ’র বড় বোন হাসিনা ইয়াসমিন বিনতে হক মুন্নি সাংবাদিক সম্মেলনে দাবী করেন, তার ভাই শুভকে তার স্ত্রী ও শাশুড়িসহ কয়েকজন পরিকল্পিত ভাবে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করেন। তাকে হত্যা করা হয়েছে এমন অনেক তথ্য রয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা হলেও এখন পযর্ন্ত কোনো আসামী গ্রেফতার করছে না পুলিশ।

সাংবাদিক সম্মেলনে শুভ’র মা নুরজাহান হক ও মামী মহিলা আওয়ামী লীগ নেত্রী সুলতানা রাজিয়া মোস্তফা বক্তব্য রাখেন।

নুরনবী/এমবি