দুবাইয়ে অনুষ্ঠানরত গ্লোবাল এডুকেশন অ্যান্ড স্কিলস ফোরাম -২০১৬ তে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুই দিনব্যাপী এ সম্মেলন আজ শনিবার শুরু হয়েছে বলে মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হযেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে যোগদানকালে শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষার উন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং এযাবৎ অর্জিত সাফল্য তুলে ধরেন। তিনি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে এ ব্যপারে অভিজ্ঞতা বিনিময় করেন।

২০৩০ সালের মধ্যে সারা বিশ্বে কোয়ালিটি এডুকেশন নিশ্চিতকরণ সংক্রান্ত জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসটিজি) অর্জনে বিভিন্ন দেশের ১৫০০ প্রতিনিধির অংশগ্রহণে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে। শিক্ষাসংক্রান্ত বিশ্বের সবচেয়ে বড় এ সম্মেলনে ২২টি দেশের শিক্ষামন্ত্রী অংশ নিচ্ছেন। সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্ভাবনমূলক কার্যক্রমে শিক্ষক ও শিক্ষাসংক্রান্ত ব্যক্তিবর্গের পাশাপাশি রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্পৃক্ত করার বিষয়ে আলোচিত হচ্ছে।

সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মঞ্জুর হোসেন এবং দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কর্মাশিয়াল কাউন্সিলর ড. রফিক আহম্মেদ।

শিক্ষার মানোন্নয়ন, কর্মমুখী ও কারিগরি শিক্ষার প্রসার ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০১৩ সাল থেকে প্রতি বছর গ্লোবাল এডুকেশন অ্যান্ড স্কিলস ফোরাম অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ সম্মেলনে যোগদানের লক্ষ্যে গতকাল শুক্রবার দুবাই পৌঁছেছেন। তিনি সম্মেলনে যোগদান শেষে সোমবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এআই