রাজধানীর মোহাম্মদপুর, শনিরআখড়া ও তেজগাঁও এলাকায় পৃথক তিনটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- রফিকুল ইসলাম (৫০), নাজমুল হোসেন (১৮) ও আরেকজনের পরিচয় জানা যায়নি। শনিবার দিবাগত রাতে এসব ঘটনা ঘটে।
এদের মধ্যে রফিকুল ইসলাম রাজধানীর আসাদগেটে আড়ংয়ের সামনে একটি দ্রুতগতির লেগুনার ধাক্কায় নিহত হন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের আত্মীয় জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর গুরুতর আহত রফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত একটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবার নাম সিরাজুল ইসলাম। বাড়ি রংপুর পীরগাছায়। রফিকুল ইসলাম পেশায় নিরাপত্তাকর্মী ছিলেন
এদিকে রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি।
যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বলেন, শনিবার দিবাগত রাতে যাত্রাবাড়ীর শনিরআখড়ায় ইউনাইটেড ও রানা পেট্রল পাম্পের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ১২টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
অপর দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রেম প্রত্যাখ্যান করায় নাজমুল হোসেন (১৮) নামে এক কিশোর বিষপান করে আত্মহত্যা করেছেন। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের বাবার নাম আনসার আলী। বাড়ি মহাখালী সাততলা বস্তিতে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইআর





