সরকারের লক্ষ্য মেয়াদের শেষ অর্থবছর ২০১৮-১৯ এ ৪ লাখ ৪০ হাজার কোটি থেকে ৪ লাখ ৫০ হাজার কোটি টাকার বাজেট। এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই সরকার এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, দেশ স্বাধীনের সময় আমাদের দেশের ৭০ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করতো। এখন সেই অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। বর্তমানে ২৪ দশমিক ৮ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।
তিনি বলেন, কিছু লোক আছে সর্বদাই রাষ্ট্রের উপর নির্ভরশীল থাকে। এই হার ১০ থেকে ১৪ শতাংশ। এরা হলেন প্রবীণসহ অসহায় কিছু লোক। এরা সবসময়ই রাষ্ট্রের উপর নির্ভরশীল থাকবে। আমরা আস্তে আস্তে সেই অবস্থায় চলে যাচ্ছি। এক সময় এরাই শুধু রাষ্ট্রের উপর নির্ভরশীল থাকবে।
অর্থমন্ত্রী বলেন, এদেশের মানুষ এখন বিশ্বাস করে না যে জীবন ধারণ কষ্টসাধ্য, তারা মনে করে জীবন ধারণের মান আরও উপরে উঠবে। ২০৪১ সালের মধ্যে জীবনমান অনেক উন্নত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবো আমরা।
অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী অর্থবছরেই বাজেট উপস্থাপন বেশ বদলে যাবে। এই সরকারের মেয়াদের শেষ দিকে অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরে যে বাজেট দিবো সেটা হবে ৪ লাখ ৪০ হাজার কোটি থেকে ৪ লাখ ৫০ হাজার কোটি টাকার। এ লক্ষ্যমাত্রা আমাদের রয়েছে।
এমএইচ





