নীলফামারীতে এক স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরের পর জেলার সৈয়দপুর উপজেলার কাশীরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ ডিকসো মোল্লাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত স্কুল ছাত্রী হলেন, ওই এলাকার গফুর আলীর মেয়ে ও স্থানীয় কুমারগাড়ী মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতি বেগম (১২)।
নিহতের নানী ফাতেমা বেগম জানান, ‘বৃহস্পতিবার দুপুরে মেয়ের বাবা-মা পার্শ্ববর্তী গ্রামে একটি জানাজায় গিয়েছিলো। এ সময় কেউ বাড়িতে ছিলো না। এমন সময় জান্নাতির শোয়ার ঘরে তার জবাই করা লাশ দেখতে পাই। ঘরটি এলোমেলো অবস্থায় রয়েছে এবং ঘরের মূল্যবান জিনিসপত্র ও ঘরে রক্ষিত জমি কেনার জন্য জমানো পাঁচ লাখ টাকা খোয়া গেছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। সিআইডি ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছেন।’
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ধারণা করা হচ্ছে ঘরে রক্ষিত টাকার জন্য তাকে খুন করা হতে পারে। তদন্ত শুরু হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





