বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর ধার্যকৃত ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, "ভ্যাট প্রত্যাহার করার কোনো কারণ নাই। ভ্যাট ইস্যুতে টিউশন ফি বাড়ানো যাবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই এটি দিতে হবে।"
তিনি বলেন, "প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে প্রতিদিন এক হাজার টাকা করে নেয়া হয়। সেখান থেকে মাত্র ৭.৫ শতাংশ ভ্যাট নেয়া হচ্ছে।"
তিনি বলেন, "এখানে যারা পড়ে, তারা সচ্ছল পরিবারের সন্তান। প্রতিদিন এক হাজার টাকা খরচ যারা করতে পারে, তারা অসচ্ছল না। "
রাজস্বের বিষয় উল্লেখ করে তিনি বলেন, "আমাদেরও তো রাজস্ব আদায় করতে হবে। এটি রাজস্ব আদায়ের একটি ভালো ক্ষেত্র বলে আমি মনে করি। আর এটির মাধ্যমে সারা দেশের মানুষ উপকৃত হবে।"
জেডআই





