সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে করা মামলার রায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মাসুদুর রহমান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম আবদুস সালাম (৩৩)। তিনি উল্লাপাড়া উপজেলার দহখোলা গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০০৫ সালে আবদুস সালামের সঙ্গে দহখোলা গ্রামের শাহজাহান আলীর মেয়ে ফাতেমা খাতুনের (২৮) বিয়ে হয়। বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা যৌতুক এনে দিতে ফাতেমাকে চাপ দিয়ে আসছিলেন সালাম। পরে ফাতেমার পরিবারের পক্ষ থেকে দুই দফায় ৫০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। তা সত্ত্বেও আরও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করলে ফাতেমার পরিবার তা দিতে অস্বীকৃতি জানায়। এর জের ধরে ফাতেমাকে প্রায়ই মারধর করতেন সালাম। এক পর্যায়ে ২০০৮ সালের ২৬ জুলাই রাতে ফাতেমাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়। পরে হত্যাটি আত্মহত্যা হিসেবে চালানোর জন্য ফাতেমার লাশে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় নিহত ফাতেমার মামা গোলবার হোসেন বাদী হয়ে স্বামী আবদুস সালামসহ নয়জনকে আসামি করে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আটজনকে বাদ দিয়ে কেবল সালামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার রায় ঘোষণা করেন।

কেএইচ