পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ণও চলমান রাখতে বিদ্যমান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অধ্যাদেশ রহিত করে তা পুনপ্রণয়নের জন্য আজ সংসদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিল ২০১৪ পাস করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে একজন চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও চার জন সদস্যের সমন্বয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নামে একটি বোর্ড প্রতিষ্ঠার বিধান করা হয়। বোর্ডের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে সরকার উপজাতীয়দের অগ্রাধিকার দেয়ার বিধান করা হয়েছে।
বিলে বোর্ডের কার্যালয়, সাধারণ পরিচালনা ও প্রশাসন, পরিচালনা বোর্ড গঠন, বোর্ডের কার্যাবলী, পরিচালনা বোর্ডের সভা, পরামর্শক কমিটি, প্রকল্প বাস্তবায়ন, তহবিল, প্রবেশের ক্ষমতা, ভূমির অধিগ্রহণ, ঋণ গ্রহণের ক্ষমতা, বাজেট,হিসাবরক্ষণ ও নিরীক্ষাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।
বিলে বিদ্যমান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অধ্যাদেশ রহিত করা করা হয়।
জাতীয় পার্টির আব্দুল হান্নান, স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী ও হাজী মো. সেলিম বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





