১৭৪টি পাসপোর্টসহ গ্রেপ্তার এক মানবপাচারকারীকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
ওই মানব পাচারকারীর নাম মো. জাহাঙ্গীর আলম মিন্টু (৩৫)। গতকাল বুধবার তাঁকে রাজধানীর নয়াপল্টন থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে র্যাব-৩ এর জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার মো. শফিউল আলম বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক সুমন বড়ুয়া আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে দুদিন মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, এই আসামি উগান্ডায় কাজ দেওয়ার কথা বলে ২০-২৫জন ব্যক্তিকে ১৪ দিনের ভ্রমণ ভিসায় পাঠান। ১৪ দিন শেষে তাঁরা সে দেশের পুলিশের হাতে আটক হন। এরপর এসব ব্যক্তির স্বজনেরা মিন্টুর সঙ্গে যোগাযোগ করে তাঁদের ফিরিয়ে আনতে বললে তিনি অপারগতা প্রকাশ করেন। এই মানবপাচারকারী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করার জন্য এ আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
মামলার এজাহারে বলা হয়, উগান্ডায় পাঠানো ওই ব্যক্তিদের স্বজনেরা বিষয়টি র্যাবকে জানায়। র্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানতে পারে এই মানবপাচারকারী চক্র রাজধানীর নয়াপল্টনের মসজিদ গলির সনজরী টাওয়ারের সপ্ত তলায় ‘অল শুভ ওভারসিস’নামক প্রতিষ্ঠান খুলে সাধারণ মানুষদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে বিদেশ পাঠানোর নামে টাকা আদায় করছিল। অথচ এ প্রতিষ্ঠানের সরকারি অনুমোদন নেই। এ ছাড়া এই চক্রের আরেক সদস্য বিদেশ যেতে ইচ্ছুক মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে উগান্ডায় অবস্থান করছে। তাঁর নাম জাহাঙ্গীর আলম ওরফে আলম। তিনি এ মামলার দুই নম্বর আসামি।
এম আর





