হাঁস চুরির অজুহাতে শাহিনুর রহমান ওরফে জুম্মন সরদার ও হাসান নামে দুই শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে খুলনার পাইকগাছায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। শিশুসহ তাদের পরিবার অভিযোগ, কয়েক ঘণ্টা গাছে বেঁধে রেখে তাদেরকে নির্যাতন করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, ওই দুই শিশু শুক্রবার দুপুরে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের ভিতর থেকে প্রতিবেশী পুরাইকাটি গ্রামের ব্যবসায়ী ছবেদ আলীর ছেলে শাহিনুর রহমানের একটি হাঁস মেরে ও অপর ৩টি হাঁস ধরে নিয়ে যায়। 

পরে বিষয়টি টের পেয়ে শাহিনুর রহমান শিশু জুম্মন ও হাসানকে ধরে বাড়ি এনে আম গাছের সাথে রশি দিয়ে বেঁধে রেখে মারপিট করে বলে জুম্মনের মা পারভীন বেগম জানিয়েছেন। কয়েক ঘণ্টা বেঁধে রাখার পর সন্ধ্যার পূর্বে স্থানীয় লোকজন তার বাড়িতে জড়ো হলে তখন দুই শিশুকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়। 

এ ব্যাপারে শাহিনুর রহমান বলেন, তিনি রাগের বশে দুই শিশুকে কিছু সময়ের জন্য গাছের সাথে বেঁধে রেখেছিলেন। পরে তার ভুল বুঝতে পেরে তাদেরকে ছেড়ে দেন।

এমএনজে