কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই করে নিয়েছে সন্ত্রাসীরা। শনিবার বিকালে উপজেলার প্রাগপুর ইউপি’র সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া শকুনতলা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানা যায়, অস্ত্র ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসী লাবুকে তার নিজ বাড়িতে থেকে আটক করা হয়। পরে তাকে পিকআপে উঠানোর সময় আরিফের নেতৃত্বে মদন, লালু ও বিদুসহ ১০/১২ সশস্ত্র সন্ত্রাসী পুলিশের কাছ থেকে আসামি লাবুকে ছিনিয়ে নেয়।
এসময় এএসআই শরিফুল সন্ত্রাসীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। পরে পুলিশ আরও শক্তি বৃদ্ধি করে ওই এলাকায় তল্লাশী অভিযান চালায়। সন্ত্রাসী লাবুর বিরুদ্ধে মাদক ও অস্ত্র ব্যবসা এবং সন্ত্রাসী হামলার মামলাসহ অন্তত ৫টি মামলা রয়েছে।
দৌলতপুর থানার উপ-পরিদর্শক ওবাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাবুসহ অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





