জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোস্তফা আমির ফয়সালকে জেলগেট থেকে তুলে নিয়ে গেছে অজ্ঞাত ব্যক্তিরা। ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে। তবে পুলিশ ফয়সালকে আটকের কথা অস্বীকার করেছে।

ছাত্রদল জেলা শাখার নেতারা জানান, গত ২ মার্চ ঢাকায় গ্রেফতার হন মোস্তফা আমির ফয়সাল ও শরিফ হাসান জুয়েল নামে ছাত্রদলের দুই নেতা। তারা দীর্ঘদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। ঢাকা কারাগারে থাকাকালে জুয়েল ডেঙ্গুতে আক্রান্ত হন। পরে মুক্তি পেয়ে যশোর এসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

বেশ কিছুদিন যশোরে চিকিৎসাধীন থাকার পর ঢাকা নেওয়ার পথে গত ১১ জুলাই জুয়েল মারা যান বলে ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান।

এদিকে, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত জুলাই মাসে ফয়সালকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তার নামে ঢাকায় চারটি ও যশোরে তিনটি মামলা রয়েছে। সম্প্রতি হাইকোর্ট এই মামলাগুলোতে তাকে জামিন দেন।

জামিনের কাগজপত্র যশোর কেন্দ্রীয় কারাগারে পৌঁছুলে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মুক্তি পান মোস্তফা আমির ফয়সাল। কিন্তু জেলগেট থেকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করছেন ছাত্রদল নেতারা।

তারা বলছেন, ফয়সালকে স্বাগত জানাতে আমরা ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী জেলগেটে হাজির ছিলাম। আমাদের সামনে পুলিশ ফয়সালকে তুলে নিয়ে গেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, শুনেছি ফয়সালকে জেলগেট থেকে ফের আটক করেছে পুলিশ। কিন্তু বিষয়টি আমাদের কাছে এখনও পরিষ্কার নয়। খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। তবে ফয়সালকে নতুন করে আটকের কথা অস্বীকার করেছে পুলিশ।

কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) শিকদার আককাছ আলী এবং উপশহর ফাঁড়ির ইনচার্জ এসআই ইউসুফ আলী বলেন, আমরা এ বিষয়ে কিছু জানি না।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক একই কথা বলেন।

কেএইচ