সুনামগঞ্জের দিরাই উপজেলায় পাঁচ বছরের শিশু তুহিন মিয়াকে নির্মমভাবে হত্যার ঘটনায় তার পরিবারের লোকজন জড়িত বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সন্ধ্যা ৭টায় দিরাই থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।

গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের কাজাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুহিন ওই গ্রামের আব্দুল বাছিরের ছেলে।

তিনি জানান, আমরা তুহিনের পরিবারের ৬-৭জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছিলাম। তাদের জিজ্ঞাসাবাদে ২-৩ জনের সম্পৃক্ততা আমরা পেয়েছি। তারা হত্যার সাথে জড়িত বলে পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছে।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্তের স্বার্থে সবকিছু বলা যাচ্ছে না।

পুলিশ আরও জানায়, নিহতের পিতাসহ পরিবারের সদস্যরা বিভিন্ন মামলার আসামি, এলাকার একাধিক প্রতিপক্ষ রয়েছে।

এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করতে লিপ্ত ছিল। তবে কারা কারা হত্যাকণ্ডে জড়িত এসব বিষয় এড়িয়ে যান অতিরিক্ত পুলিশ সুপার।

এএস