জেলার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে শতবছরের খেলার মাঠ দখল করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ছোড়া শর্টগানের গুলিতে চামেলি খাতুন (২২) নামের এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশসহ আরও দুইজন।

আহতরা হলেন, আব্দুল হান্নান (৪৫) ও পুলিশ কনস্টেবল গোলাম রসুল। তাদের চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সকাল ১১টার দিকে বিষ্ণুপুর গ্রামের শতবছরের খেলার মাঠের জমি ওই গ্রামের ঝরু মন্ডলের ছেলে আব্দুল জলিল, আদম আলী, কদম আলী, হান্নান ও বিল্লালসহ অন্যরা নিজেদের জমি বলে দাবি করে। তারা মাঠের অর্ধেক জমির মধ্যে টিনের ছাপড়া তুলে বাঁশের বেড়া দিয়ে ঘিরতে থাকে। এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির লোকজন বিষ্ণুপুর পুলিশ ক্যাম্পে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের বাধা দেয়। এ সময় জলিলসহ জমির অন্যান্য মালিকরা পুলিশের ওপর চড়াও হয়ে গোলাম রসুল নামের এক কনস্টেবলকে মারধর করে।

এরপর ক্যাম্প পুলিশ দামুড়হুদা মডেল থানায় খবর দেয়। থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে জলিলের নেতৃত্বে আবারও পুলিশের ওপর হামলা চালায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের ১০ রাউন্ড গুলি ছোঁড়ে। সে সময় পুলিশের শর্টগানের গুলিতে আব্দুল জলিলের মেয়ে চামেলি (২২) নামের এক নারী গুলিবিদ্ধ হয়। এছাড়া আব্দুল হান্নান পুলিশের লাঠির আঘাতে আহত হন।

গুলিবিদ্ধ চামেলির অবস্থা গুরুতর হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও পুলিশ কনস্টেবলকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি।

জেআই