গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী টেম্পু ও বালুবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছেন।

শনিবার দিনগত রাত ১১টার দিকে পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কে এমএ সামাদ কারিগরি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার কালুগাড়ী গ্রামের কালাম মিয়া (৪২), কাশিয়াবাড়ী গ্রামের জোবেদ আলী (৪০), নূরপুর গ্রামের কোহিনুর বেগম (৪৫) ও জোবেদা বেগম (৬৫) এবং দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরের শাকিল মিয়া (২৮)।

এদের মধ্যে কালাম, জোবেদ আলী ও শাকিলকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোহিনুর ও জোবেদা বেগমকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা টাইমনিউজবিডি'কে জানান, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নেকটগাড়ী গ্রামের এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে অংশ নিয়ে রাতে বাড়ি ফিরছিলেন তারা।

পথে পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কের ওই এলাকায় বিপরীতমুখী শ্যালো ইঞ্জিন চালিত বালু বোঝাই একটি ট্রলির সঙ্গে তাদের টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হলে পাঁচজন আহত হন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসসিএমও) পুলক কুমার টাইমনিউজবিডি'কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এআর