বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ইসির সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের এই কথা জানান।
বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাকক্ষে কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপির চার সদস্যের প্রতিনিধিদল। ওই দলের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ইসির সিনিয়র সচিব মো. আলমগীর জানান, ওই বৈঠকের এক পর্যায়ে তাবিথ আউয়ালের ওপর হামলার অভিযোগ করে বিএনপি।
আলমগীর বলেন, “ওই অভিযোগের ভিত্তিতে সিইসি ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।”
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন নিয়ে সিইসির সঙ্গে কথা বলতে নির্বাচন ভবনে যান বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি ওই আসনের উপনির্বাচনে ইভিএমের পরিবর্তে ব্যালটের মাধ্যমে পুনরায় নির্বাচনের দাবি জানান। এরই এক পর্যায়ে আমীর খসরু সিইসিকে বলেন, “আজ আমাদের ঢাকা উত্তরের প্রার্থী তাবিথের ওপর হামলা হয়েছে। এ্যানিসহ (বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি) ১৫ জন হামলায় আহত হয়েছে।”
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর গাবতলীর আনন্দনগর তেলের মিল এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনা ঘটে। ওই সময় তাবিথসহ প্রচারে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই সময় তাবিথ আউয়ালের সঙ্গে থাকা বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, ঢাকা উত্তরের ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর পদপ্রার্থী মুজিব সরোয়ার মাসুমের নেতৃত্বে ওই হামলা হয়েছে।
এমবি





