অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে সারাদেশে শীর্ষস্থান অর্জন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। এছাড়া বছরব্যাপী চোরাচালান ও মাদকবিরোধী অভিযানেও জেলা পুলিশের সাফল্যের স্বীকৃতি মিলেছে।
বৃহস্পতিবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ-২০১৬ উপলক্ষে অনুষ্ঠিত ‘শীল্ড প্যারেডে’ চট্টগ্রাম জেলা পুলিশকে পদক দেয়া হয়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার বলেন, অস্ত্র উদ্ধারে সারাদেশে আমরা প্রথম হয়েছি। চোরাচালানের মাধ্যমে আসা পণ্য উদ্ধারে দ্বিতীয় এবং মাদক উদ্ধারে তৃতীয় স্থান অর্জন করেছি। পুলিশ সপ্তাহে জেলা পুলিশের ভূমিকা প্রশংসিত হয়েছে। এ সাফল্য আমাদের ইউনিটের সদস্যদের মনোবল আরও বাড়িয়ে দেবে। ভবিষ্যতে জেলায় অবৈধ অস্ত্র, চোরাচালান ও মাদকবিরোধী পণ্য উদ্ধার অভিযান আরও জোরদার হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে ‘ক’ গ্রুপে সারাদেশে প্রথম স্থান অধিকার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। দ্বিতীয় স্থানে কুমিল্লা জেলা পুলিশ এবং তৃতীয় স্থান পেয়েছে চট্টগ্রাম নগর পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে ‘ক’ গ্রুপে সারাদেশে প্রথম স্থান পেয়েছে নগর পুলিশ, দ্বিতীয় স্থানে কুমিল্লা জেলা পুলিশ এবং তৃতীয় স্থান অধিকার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
চোরাচালানের মালামাল উদ্ধা অভিযানে ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে চট্টগ্রাম নগর পুলিশ, দ্বিতীয় স্থান অধিকার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ এবং তৃতীয় স্থান পেয়েছে দিনাজপুর জেলা পুলিশ।
এমএম





