ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার (ডিএসসিসি) সেবামূলক প্রতিষ্ঠানগুলোর মাঝে সমন্বয়ের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা জানালেন মেয়র সাঈদ খোকন। প্রিয় শহর ঢাকাকে সেবাদানকারী ৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় গড়ে ওঠেনি উল্লেখ করে তিনি।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডে ‘পরিচ্ছন্নতা বছর ২০১৬’ উপলক্ষে 'জনপ্রতিনিধি, জনতার মুখোমুখি' শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেয়র সাঈদ খোকজন বলেন, ‘এক সন্তানের (ঢাকা শহর) ৫৬ পিতা। তবুও পাহাড় সম সমস্যা। প্রতিটি ক্ষেত্রেই সমস্যা। প্রিয় শহরের সমস্যা দূর করতে হলে সিটি গভর্নমেন্টের বিকল্প নেই বলে উল্লেখ করেন সাঈদ খোকন।
তিনি বলেন, খুব শীগগিরই যদি সিটি গভর্নমেন্ট বাস্তবায়ন করা যায়, তাহলে সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজে পূর্ণাঙ্গ রূপ দেয়া সম্ভব হবে।
যতক্ষণ সিটি গভর্নমেন্ট বাস্তবায়ন না হয় ততদিন সেবা প্রতিষ্ঠানগুলোর সমন্বয় নিয়ে নানা অভিযোগের সঙ্গে কাজ এগিয়ে নিতে হবে বলে উল্লেখ করেন মেয়র।
সভার শুরুতে স্বাগত বক্তব্যে স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ৫৬টি সংস্থা ঢাকা শহরের দেখভাল করে। এখানে সন্তান একটি হলেও পিতা ৫৬ জন।
যদি সিটি কর্পোরেশনের অধীনে ৫৫টি প্রতিষ্ঠানকে আনা যায়, তাহলে জনপ্রতিনিধি হিসেবে মেয়র সকল বিষয়ে উন্নয়নের তদারকি করতে পারবেন বলে মনে করেন তিনি।
তিনি বলেন, সব সময় দেখা যায় নগরের নানা উন্নয়ন কাজে একাধিক প্রতিষ্ঠানের কাছ থেকে অনুমতি নিতে হয়। এর ফলে উন্নয়ন কাজে বিড়ম্বনা সৃষ্টি হয়।
সভা শেষে ৮ নং ওয়ার্ডের স্থাপন করা ৩২টি সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন।
এমআইএস।





